তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারেক রহমানের দেশে নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক এবং সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এর মধ্য দিয়ে দেশে ফিরতে তাঁর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।’

