ডেইলি স্টার-প্রথম আলোতে হামলায় সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ
দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনায় সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে 'মব ভায়োলেন্সের কবলে বাংলাদেশ' শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে সমাজকে দীর্ঘদিন ধরেই এমন ঘটনা মেনে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এটির পেছনে রাজনৈতিক মদদও ছিল। এই তিনটি ঘটনা যদি একসঙ্গে না ঘটত, তাহলে সেদিন রাতে এতটা দুঃসাহসী হামলা সম্ভব হতো না। সেখানে হাজার হাজার মানুষ যায়নি। পুরো ঘটনাটিই ছিল পরিকল্পিত। ফ্যাসিবাদী শক্তি জুলাই অভ্যুত্থানকে ছোট করতে "মব ভায়োলেন্স" বা "মবোক্রেসি" শব্দগুলো ব্যবহার করত বলে আগে আমি এর সঙ্গে একমত ছিলাম না। কিন্তু বর্তমানে যা ঘটছে, তাকে মব ভায়োলেন্স বলা যায় না; এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ। এর উদ্দেশ্য দেশের রাজনীতি ও নির্বাচন ব্যবস্থাকে অস্থিতিশীল করা।
নাহিদ অভিযোগ করেন, শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি গোষ্ঠী প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে।
নাহিদ আরও বলেন, আরও দুর্ভাগ্যজনক বিষয় হলো, যারা এই ঘটনা ঘটিয়েছে—তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও হাদির নাম ব্যবহার করে প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের নামে মিডিয়ার ওপর আক্রমণ বা প্রতিষ্ঠান ভাঙচুর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এর পক্ষে সম্মতি তৈরি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

