সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে ইলিয়াসের দুটি ফেসবুক পেজ 'রিমুভ'
‘সহিংসতা উস্কে দেওয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইনের দুটি ফেসবুক পেজ রিমুভ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বিষয়টি দ্য ডিসেন্টকে একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বর্তমানে সার্চ করলেও পেজ দুটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে ইলিয়াস হোসাইন নামে প্রায় ২০ লাখ ফলোয়ারযুক্ত ভেরিফায়েড ফেসবুক পেজটি গতকাল শুক্রবার রিমুভ করা হয়। এরপর তিনি ৮ লাখের বেশি ফলোয়ারযুক্ত আরেকটি ফেসবুক পেজ ব্যবহার শুরু করেন। তবে সেটিও আজ শনিবার ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দেয়।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুটি ভবনে অগ্নিসংযোগ করা হয়। হামলার সময় ইলিয়াস হোসাইনের ওই দুটি ফেসবুক পেজ থেকে হামলা সফল করার আহ্বান জানিয়ে ধারাবাহিক পোস্ট দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর একদিনের ব্যবধানে ফেসবুক কর্তৃপক্ষ পেজ দুটি রিমুভ করে।
প্রসঙ্গত, যেকোনো ধরনের সহিংসতা উস্কে দেওয়া বা সহিংস কর্মকাণ্ডে উৎসাহ প্রদান ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সরাসরি লঙ্ঘন।
সূত্র: দ্য ডিসেন্ট

