শাহবাগে জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে ওসমান হাদির মরদেহ
শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি শাহবাগের দিকে রওনা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। বেলা ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার লাখো মানুষের উপস্থিতি হন। হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজার নামাজ শেষে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। সেখানে তাকে দাফনের প্রস্তুতি চলছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে কবর খননের কাজ শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রক্টরিয়াল দলের সদস্যরা।

