Logo
Logo
×

সংবাদ

হাদি তোমাকে বিদায় দিতে আসিনি, ওয়াদা পূরণ করতে এসেছি: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

হাদি তোমাকে বিদায় দিতে আসিনি, ওয়াদা পূরণ করতে এসেছি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রিয় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের মধ্যে আছো। যতদিন বাংলাদেশ থাকবে তুমি ততদিন সব বাংলাদেশির বুকে থাকবে। প্রিয় হাদি আমরা তোমাকে বিদায় দিতে আসিনি আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছ, সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি।  

আজ শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। 

ড. ইউনূস আরও বলেন, লাখ লাখ লোক আজ এখানে হাজির হয়েছে। পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। বিদেশিরাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসামান হাদি তোমাকে বিদায় দিতে আসি নাই। তুমি আমাদের বুকের ভেতর আছো। বাংলাদেশ যতদিন আছে, তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে আছো।

প্রধান উপদেষ্টা বলেন, তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো, সেটা যেন পূরণ করতে পারি। শুধু আমরা নয়, বংশানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। তোমার মানবপ্রেম, মানুষের সঙ্গে ওঠাবসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই গ্রহণ করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, হাদি, তুমি এমন মন্ত্র আমাদের দিয়ে গেছো, সেটা চিরদিন আমাদের কানে বাজবে। তোমার মন্ত্র ছিল- বল বীর চির উন্নত মম শির। আমাদের শির কখনো নত হবে না। আমাদের সব কাজে সেটা প্রমাণ করবো, পূরণ করবো। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, কীভাবে নির্বাচন করতে হয়, কীভাবে প্রচারণা চালাতে হয়, কীভাবে কষ্ট না দিয়ে মানুষের কাছে যাওয়া যায়, আমরা সেই শিক্ষা গ্রহণ করলাম। আমরা এভাবেই করতে চাই।

প্রধান উপদেষ্টা ইউনূস আরও বলেন, ‘প্রিয় হাদি, তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে। বল বীর উন্নত মম শির, এই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাবো। সবার পক্ষ থেকে ওয়াদা করলাম। তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। সব সময় তোমার কথা স্মরণ করে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন