এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য: ডা. জাহিদ
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন। আজ শুক্রবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে। আজ তাকে বিশেষ একটি চিকিৎসা দেয়া হয়েছে। এটা তিনি গ্রহণ করতে পেরেছেন। চিকিৎসকরাসহ সবাই অত্যন্ত আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাবেন।
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা আছেন জানিয়ে তিনি বলেন, প্রতিদিন তারা বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন।
ডা. এ জেডএম জাহিদ আরও জানান, ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তদারকি করছেন। তার (বেগম জিয়ার) ছোট ভাই, বোন সবাই খোঁজ নিচ্ছেন। যেহেতু সিসিইউতে আছেন তাই তার পাশে থাকা যাচ্ছে না। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
