স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় 'নাগরিক সমাজ': সামিনা লুৎফা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের 'দৃষ্টান্তমূলক শাস্তির' আওতায় আনতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ শুক্রবার নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা সংবাদমাধ্যমের সামনে এই আহ্বান জানান। একই সঙ্গে ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যারয় এবং ছায়ানট ভবনের সামনে গিয়ে তারা হামলার ঘটনার নিন্দা জানান।
তারা রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমকে এসব অনাচারের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী মানজুর আল মতিন, লেখক ও সরকারের সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ, চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমনসহ অনেকে।
সামিনা লুৎফা বলেন, ওসমান হাদিকে গুলি করে মারা হল, অথচ মূল আসামিদের এখনো বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে এই সরকার। সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। ছায়ানটে হামলা করা হয়েছে। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

