হাদির মৃত্যুর পর ঢাকায় চার স্থানে ভাঙচুর, আগুন: ফায়ার সার্ভিস
আগুনের মধ্যে ভবনে আটকা পড়েন ডেইলি স্টারের কর্মীরা।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ঢাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে রাজধানীতে একাধিক স্থানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
হামলার শিকার হয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিস, ধানমন্ডির ছায়ানট ভবন এবং উত্তরার ১৪ নম্বর সেক্টরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বাসভবন।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমাদের তিনটি ইউনিট রাত ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ছাদ থেকে ২৯ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়।”
প্রথম আলো কার্যালয়ের আগুনও একই সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, “রাতে ছায়ানট ভবনেও আগুন দেওয়া হয়। সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।”
ছায়ানট ভবনের আগুন রাত সোয়া ২টার দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এছাড়া, উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে একটি বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সেখানে দুটি ইউনিট গিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ নিশ্চিত করেছে, আগুন লাগা ওই বাড়িটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব আহসানের।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।

