Logo
Logo
×

সংবাদ

ছায়ানট ভবনে হামলা চালিয়ে আগুন ও তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

ছায়ানট ভবনে হামলা চালিয়ে আগুন ও তাণ্ডব

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ছায়ানট ভবনের সামনে জড়ো হন একদল বিক্ষোভকারী। 

রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে তারা ছায়ানট ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল নিয়ে এসে প্রথমে পার্কিং লটে আগুন দেয়। এরপর ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়।

প্রতিটি তলায় থাকা কক্ষ, সাংস্কৃতিক ইনস্টিটিউট ও বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, মিলনায়তন, শৌচাগার—কোনো কিছুই রেহাই পায়নি। ভাঙচুর করা হয় তবলা, হারমোনিয়াম, তানপুরাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র।

হামলাকারীরা ‘ভারতের দালাল’, ‘ভাঙো’, ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে ছায়ানটের প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুনের প্রতিকৃতি পর্যন্ত কেটে ফেলে। একপর্যায়ে তারা সিসিটিভি, লাইট, ফ্যান, শিল্পকর্মসহ যাবতীয় সরঞ্জামও ধ্বংস করে।

ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে বলে অভিযোগ ওঠে। ধানমন্ডি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত আড়াইটার দিকে পুলিশ ভবনটি নিয়ন্ত্রণে নেয়, তবে ততক্ষণে ভবনটির ভেতরে ব্যাপক ক্ষতি হয়ে গেছে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি পাকিস্তানি শাসনের সময় রবীন্দ্রজন্মশতবর্ষ উদযাপন করে পরিচিতি পায়। পরে প্রতি বছর রমনা বটমূলে বাংলা নববর্ষে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। ২০০১ সালে সেই অনুষ্ঠানেও ভয়াবহ বোমা হামলা হয়েছিল।

তবু বারবার উঠে দাঁড়িয়েছে ছায়ানট। এবারও সদস্য, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা সোশাল মিডিয়ায় ঘোষণা দিয়েছেন—এই আঘাতেও থেমে যাবে না তাদের পথচলা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন