হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।
শুক্রবার সকাল ৭টার পর তারা সড়ক অবরোধ শুরু করেন। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার রাতেও শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। সেখানে আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভ চলাকালে উত্তরা ও মিরপুর এলাকাতেও সড়ক অবরোধ করা হয়।
এক পর্যায়ে ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় গণমাধ্যমকর্মীরা নিরাপদে বেরিয়ে আসেন।
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, নেত্রকোনা, জামালপুর ও ঝালকাঠি।
আজ শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

