শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ছাত্র-জনতার হাদি হাদি স্লোগান
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগান দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

