প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর
ছবি: সংগৃহীত
দেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা ও ভাঙচুর চলছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে হামলা শুরু হয় পত্রিকা অফিস দুটিতে। তেজগাঁও থানার ওসি জানিয়েছেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন তারা।
তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন।’
তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়। ডেইলি স্টারের আগুন দেওয়ার সময় অফিসটির ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে।
এদিকে প্রথম আলো অফিসে হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম আলোর কার্যালয়ের ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় বিক্ষুব্ধরা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

