Logo
Logo
×

সংবাদ

ইনশা আল্লাহ, আগামী ২৫ তারিখে আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম

ইনশা আল্লাহ, আগামী ২৫ তারিখে আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি: তারেক রহমান

‘ইনশা আল্লাহ, আগামী ২৫ তারিখে আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি,’ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল মঙ্গলবার লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়নে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি।

এর আগে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন।

এবার সেই ঘোষণা সরাসরি দিলেন তারেক রহমান নিজেই।

আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘আজকের এই আয়োজন দুটি কারণে গুরুত্বপূর্ণ—প্রথমত, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আর দ্বিতীয়ত, আমি আপনাদের সঙ্গে প্রায় ১৭-১৮ বছর সময় কাটিয়েছি। তবে ইনশা আল্লাহ, আগামী ২৫ তারিখে আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি।’

তার বক্তব্য শেষ হতেই মিলনায়তনে উপস্থিত বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় তিনি আহ্বান জানান, কেউ যেন তার বিদায়ের দিন বিমানবন্দরে ভিড় না করেন। এতে জনসমাগমের কারণে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেন তিনি।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা কোনো একক দলের অর্জন নয়—এটি দেশের সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসের ফল।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, নারী-পুরুষসহ সব স্তরের মানুষ রাজপথে নামার কারণে স্বৈরাচারী সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

তার ভাষায়, ২০২৪ সালের গণ-আন্দোলন শুধুই বিএনপির সাফল্য নয়, এটি মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের ফলাফল। আন্দোলনের মাধ্যমে পাওয়া বিজয় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও, সেই অর্জন ধরে রাখা আরও কঠিন কাজ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখনো দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এক বছর আগে তিনি যা বলেছিলেন, আজ তারই প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি বলেন, যেসব শক্তি ১৯৭১ সালে, ১৯৭৫ সালের নভেম্বর, ১৯৮১ ও ১৯৯৬ সালে দেশবিরোধী ষড়যন্ত্র করেছে, তারা এখনো সক্রিয় রয়েছে। এ কারণে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের দায়িত্ব হলো জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, দেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে তাদের পাশে থাকবে, এবং সেই সমর্থনেই দলটি সরকার গঠন করতে পারবে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন