Logo
Logo
×

সংবাদ

জবির মূল ফটকে পাকিস্তানের পতাকা আঁকতে বাধার অভিযোগ

Icon

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

জবির মূল ফটকে পাকিস্তানের পতাকা আঁকতে বাধার অভিযোগ

‘পাকিস্তানের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে গেছে, এখানে কোনো পতাকা আঁকা যাবে না,’ উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘৃণা প্রকাশের জন্য পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিজয় দিবসের আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, আবাসিক হলের একদল শিক্ষার্থী তাঁদের বাধা দিয়েছেন এবং হামলা চালিয়েছেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রক্টরও ছিলেন। হামলার শিকার হয়েছেন সেখানে থাকা দুজন সাংবাদিক।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফরহাদ ইবনে বাসিত বলেন, তাঁরা বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটকের ভেতরের রাস্তায় পাকিস্তানের পতাকা আঁকছিলেন, যাতে পতাকা মাড়িয়ে ঘৃণা জানানো যায়। তখন হঠাৎ কয়েকজন সহকারী প্রক্টর এসে তাঁদের বাধা দেন। পতাকা আঁকার জন্য কেন অনুমতি নেওয়া হয়নি, তা জানতে চান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরদের বাগ্‌বিতণ্ডা চলে। পরে প্রক্টররা সেখান থেকে চলে যান।

ফরহাদ আরও বলেন, ‘কিছুক্ষণ পর আমরা আবার পতাকা আঁকা শুরু করলে একদল শিক্ষার্থী অতর্কিতভাবে আমাদের দিকে তেড়ে আসেন এবং প্রক্টরের সামনে হামলা চালান। তাঁরা আমাদের ওপর হামলার সময় বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে গেছে, এখানে কোনো পতাকা আঁকা যাবে না।’

এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ক্যাম্পাসের কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক মিনহাজুল ইসলাম ও জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক জিলনের ওপর হামলা হয় বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন। দুই পক্ষকে সমঝোতায় আনার চেষ্টা করলেও অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বলে তিনি জানান। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন