খুলনার রূপসায় রোববার রাতে সাগর শেখ নামের এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, রূপসা সেতুর পূর্বপাড়ে ‘জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশন’-এর সামনে রাত সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাগর শেখের বয়স ৩০ বছর। তিনি গ্রীনবাংলা হাউজ এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে।
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সাগরকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এরপর খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে সাগর ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান।
স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি মাহফুজুর বলেন, কী কারণে সাগর শেখকে হত্যা করা হলো—তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

