Logo
Logo
×

সংবাদ

হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে। 

আটক ব্যক্তি ওই মোটরসাইকেলের মালিক, তার নাম আবদুল হান্নান। তাকে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।

রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের জানান, আবদুল হান্নানের জড়িত থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, শুটারকে শনাক্ত করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

তালেবুর রহমান আরও জানান, অপরাধীরা দেশ ছেড়ে পালিয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কী কারণে হাদির ওপর হামলা হয়েছে, তা তদন্তে উঠে আসবে।

ডিএমপি জানায়, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। নগরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও টহলও বাড়ানো হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ জানান, এই ঘটনায় আবদুল হান্নানকে প্রথমে র‍্যাব-২ আটক করে এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ফয়সাল করিম মাসুদ নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, যিনি ওই মোটরসাইকেল থেকে গুলি চালান বলে সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়।

একটি মোটরসাইকেলে পেছন থেকে অনুসরণ করে এসে একজন হামলাকারী ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন