Logo
Logo
×

সংবাদ

শেরপুরে বাউল গানের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম

শেরপুরে বাউল গানের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

শেরপুরে একটি বাউল গানের অনুষ্ঠানে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, যার ফলে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাউল গানের আসর বসে। সেখানে এই হামলা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক গালাগালি করতে করতে অনুষ্ঠানস্থলের মাইক, হারমোনিয়াম ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করছে। 

দর্শকদের অনেকে হতভম্ব হয়ে পড়েন এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেলে তারা ঘটনার সত্যতা স্বীকার করলেও হামলাকারীদের পরিচয় জানাতে অনিচ্ছা প্রকাশ করেন।

গানের আয়োজনকারী শামীম মিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। 

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বাউল গানের আয়োজন করছিলাম। হঠাৎ কিছু লোক এসে বলল—এখানে কোনো গান-বাজনা চলবে না, তারপরই ভাঙচুর চালায়। এরপর অনুষ্ঠান আর হয়নি।’

তিনি আরও জানান, ‘আমি একজন নিরীহ মানুষ। যারা এই হামলা করেছে, তাদের সঙ্গে লড়ার ক্ষমতা আমার নেই। প্রথমে পুলিশকে জানাতে চাইলেও পরে আর জানানো হয়নি।’

ঘটনার প্রত্যক্ষদর্শী গণইভরুয়াপাড়া গ্রামের মোফজ্জল হোসেন বলেন, ‘আমি গান শুনতে গিয়েছিলাম। হঠাৎ গণ্ডগোল শুরু হলে তাড়াতাড়ি চলে আসি। পরে শুনি, হারমোনিয়াম ও বাঁশি ভাঙচুর করা হয়েছে।’

কয়েকজন স্থানীয় বাসিন্দার মতে, ওই অনুষ্ঠানে অতিথি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল। এই বিরোধ থেকেই হামলার সূত্রপাত হয়ে থাকতে পারে।

সদর থানার ওসি সোহেল রানা বলেন, ‘এ ধরনের কোনো খবর পুলিশের কাছে আসেনি। শনিবার সকাল পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন