হাদিকে হত্যা চেষ্টাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নাগরিক কোয়ালিশনের
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন। আজ শনিবার সংগঠনটি এক বিবৃতিতে এই দাবি জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, গতকাল (১২ ডিসেম্বর) জুলাই বিপ্লবের অন্যতম তরুণ নেতৃত্বদানকারী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর আততায়ীদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ জানাচ্ছে ‘নাগরিক কোয়ালিশন’ সংগঠনটি, মনে এই গুলিবর্ষণ পরিকল্পিত এবং ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন প্রক্রিয়ার উপর সরাসরি আঘাত। ওসমান হাদির ওপর আক্রমণ বাংলাদেশের নাগরিক জীবনে ও রাজনীতিক প্রেক্ষাপটে অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে প্রভাবশালী শীর্ষ নেতাদের ওপর এই ধরনের ‘অ্যাসাসিনেশন’ প্রচেষ্টা রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে যেমন ব্যাহত করে, একই ভাবে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও স্থিতিশীলতাকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে। এই কাপুরুষোচিত ঘটনার এতে জড়িত সকলকে (আততায়ী, পরিকল্পনাকারী, উসকানিদাতা ও অর্থায়নকারীসহ সকলকে) দ্রুত আইনের আওতায় আনার ও বিচারের দাবি জানাচ্ছে ‘নাগরিক কোয়ালিশন’।
বিবৃতিতে আরও বলা হয়, নাগরিক কোয়ালিশন’ আরো মনে করে এই আক্রমণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, ওসমান হাদির মতো আরো অনেক সামনের সারির তরুণ-তরুণী জুলাই যোদ্ধাদের জীবন কি পরিমাণ ঝুঁকিতে আছে, রাষ্ট্র জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা দিতে যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নিয়েছে বলে আমরা মনে করি না। এই প্রেক্ষিতে, আমরা সরকারের কাছে আহ্বান জানাই— প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো তৈরি করে জুলাই আন্দোলনের নেতাদের বিশেষ সুরক্ষা প্রদান করতে রাষ্ট্র জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করুক।
বিবৃতিতে বলা হয়, একই সাথে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে গত এক বছর শতাধিক রাজনৈতিক কর্মী হত্যার ঘটনা হলেও আইন শৃঙ্খলা বাহিনী বেশির ভাগ ক্ষেত্রেই জড়িতদের চিহ্নিত করতে ও তাদের আইনের আওতায় ব্যর্থ হয়েছে। এসকল ঘটনা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা, নিরপেক্ষতা, সততা ও কার্যকারিতা নিয়ে বিশাল প্রশ্ন তৈরি করেছেI পরিতাপের বিষয় যে, প্রতিশ্রুতি সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত পুলিশ ও রাষ্ট্রের অন্যান্য আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের আইনি ও প্রশাসনিক সংস্কারের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই। এই অদক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধায়নে আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন কতটুকু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে সেটার ব্যাপারে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারের কাছে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি, যাতে প্রতিটি নাগরিক নির্ভয়ে নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসাধীন ওসমান হাদির জন্য সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সহায়তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। একই সাথে আগামী দিনগুলোতে এরকম মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সরকার এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
পরিশেষে, আমরা ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি।
