ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে ‘পর্যবেক্ষণে’ রয়েছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন তিনি।
শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা না পেরোনো পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, শুক্রবার দুপুরে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদির ইন্টারনাল রেসপন্স আছে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। এর বেশি কিছু বলার মতো অবস্থা এখনো হয়নি।’
তিনি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চান।
এদিকে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চ, মঞ্চ-২৪ এবং আরও কিছু প্ল্যাটফর্মের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়।
সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মঞ্চ-২৪ প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাহিম ফারুকী।
তিনি বলেন, ‘এই হামলা পরিকল্পিত। বিভিন্ন মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি, হামলাকারীরা কার্যক্রমনিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। অথচ সরকার তাদের গ্রেপ্তারে অনীহা দেখাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, তারা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।’ তিনি জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।

