হাদিকে গুলির ঘটনায় নিন্দা, দ্রুত বিচারের দাবি এইচআরএসএসের
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দিনের আলোতে রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত একজন ব্যক্তির ওপর এই ধরনের ঘৃণ্য হামলা দেশের রাজনৈতিক পরিবেশ, জননিরাপত্তা এবং মুক্ত মত প্রকাশের অধিকারকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে।
এই হামলা শুধু একজন রাজনৈতিক কর্মী বা সম্ভাব্য প্রার্থীর ওপর আক্রমণ নয়, বরং সামগ্রিকভাবে গণতান্ত্রিক রাজনীতি, নির্বাচনি অংশগ্রহণ এবং নাগরিক নিরাপত্তার ওপর এক ধরনের অশুভ সংকেত। নির্বাচনকে ঘিরে দেশে যখন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি, তখন এমন সশস্ত্র হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডের পরিপন্থী।
এইচআরএসএস মনে করে—রাজনৈতিক সহিংসতা গণতন্ত্রকে দুর্বল করে, মানবাধিকারের মৌলিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করে, এবং নির্বাচনপূর্ব সময়ে যেকোনো ধরনের দমন-পীড়ন, হামলা বা ভয়-ভীতি প্রদর্শন গণতান্ত্রিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দেয়। এই জন্য মানবাধিকার সংগঠনটি কয়েকটি দাবি ও সুপারিশ করেছে। সেগুলো হুলো—
১. ঘটনার তাৎক্ষণিক, স্বাধীন, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং তদন্তের অগ্রগতি জনসম্মুখে তুলে ধরতে হবে।
২. হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তি, পরিকল্পনাকারী ও সম্ভাব্য পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
৩. ভিকটিম ওসমান হাদির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।
৪. রাজনৈতিক প্রার্থী, কর্মী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো জরুরি।
৫. নির্বাচনকে সামনে রেখে দেশে সহিংসতা প্রতিরোধে কঠোর নির্দেশনা, সুরক্ষা পরিকল্পনা এবং ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।
৬. রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান—সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি রক্ষা করতে সহযোগিতা করতে হবে।
৭. মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, মানবাধিকার ও আইনের শাসনের প্রশ্নে সমানভাবে বিবেচনা করতে হবে।
এইচআরএসএস দৃঢ়ভাবে বিশ্বাস করে—এ ধরনের বর্বরোচিত হামলার সঠিক তদন্ত, দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ রক্ষার প্রচেষ্টা ব্যাহত হবে।
ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছি এবং কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যেন এই হামলার ন্যায়বিচার দ্রুত নিশ্চিত করা হয়।

