হাদির মস্তিষ্কে গুলি লেগেছে, অপারেশন চলছে: ঢামেক পরিচালক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মস্তিষ্কে গুলি লেগেছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
হাদির সঙ্গে থাকা মিসবাহ নামের একজন সংবাদমাধ্যমকে জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। পরে হাদিকে রিকশাতেই হাসপাতালে আনা হয়। ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে শরিফ ওসমান হাদি দাবি করেছিলেন, তাকে হত্যা ও পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ধরনের সহিংস হুমকি দেওয়া হচ্ছে।
তিনি লেখেন, ‘বিদেশি নম্বর থেকে একাধিক কল ও মেসেজের মাধ্যমে তাকে নজরদারিতে রাখা এবং তার পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।’

