নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে: তারেক রহমান
জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার বিকেলে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা- তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। নো কম্প্রোমাইজ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনার দল আপনার সামনে যে স্ট্রেইটকাট প্ল্যান উপস্থাপন করল, দেখান তো আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আছে এরকম প্ল্যানিং দিয়েছে। না, কোনো রাজনৈতিক দল এ রকম প্ল্যান দিতে পারেনি। দেশের মানুষকে কোনো পরিকল্পনা দিতে পারেনি যে, দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি এই প্ল্যান দিয়েছে। কাজেই এখন বসে থাকার সময় নেই। আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। যুদ্ধ কী? মানুষের পক্ষে, দেশের পক্ষে। এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের।’
তিনি বলেন, ‘দেশ গড়তে শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু পরিকল্পনা হয়েছে, যা পরিকল্পনাতেই রয়ে গেছে। আমরা আমাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে যেমন আন্দোলন করেছি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই প্ল্যানিং বাস্তবায়ন করতে চাই। আমরা এ কাজটা শুরু করব, পরবর্তী জেনারেশন সেটা কনটিনিউ করবে। এটার শেষ নেই।’

