অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, আমার পদত্যাগের ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করছেন।
অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তারা আরও সময় চান। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। সে ক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন।
পরে গত মাসের মাঝামাঝি দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে আবারও তাদের তাগাদা দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছিল।
