Logo
Logo
×

সংবাদ

ভারতে ১৩ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ছয় জেলে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এএম

ভারতে ১৩ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ছয় জেলে

ভারতে দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন কুড়িগ্রামের ছয় জেলে।

মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

ব্যাটালিয়ন-৩৯ বিজিবির কোয়ার্টার মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসা জেলেরা হলেন—কুড়িগ্রামের চিলমারী উপজেলার পূর্ব মুদাখানা গ্রামের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল (৩৫), বেপারীপাড়া গ্রামের বাহাদুরের ছেলে বিপ্লব মিয়া (৪৫), ফকির আলীর ছেলে আমের আলী (৩৫), নতুন বেপারীপাড়া গ্রামের ইছাহাক আলীর দুই ছেলে মীর জাহান (৪৫) ও বকুল মিয়া (৩২), এবং রৌমারী উপজেলার বকবাদা বেপারীপাড়া গ্রামের ছলিম উদ্দিন বেপারীর ছেলে চাঁন মিয়া (৬০)।

কোয়ার্টার মাস্টার মিজানুর রহমান জানান, ২০২৪ সালের ৪ নভেম্বর কুড়িগ্রামের চিলমারী উপজেলার জিঞ্জিরা নদীতে মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন তারা। এ সময় বিএসএফ ও স্থানীয় পুলিশ তাদের আটক করে।

পরে অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং আদালতের রায়ে তারা ভারতে ১৩ মাসের সাজা ভোগ করেন।

সাজার মেয়াদ শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। এরপর প্রয়োজনীয় নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে মঙ্গলবার তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কোয়ার্টার মাস্টার মিজানুর রহমান, হাতিপাগার বিওপির ক্যাম্প কমান্ডার এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান।

অন্যদিকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন মেঘালয় রাজ্যের তুরা বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সাখাওয়াত হোসেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন