আজ নির্বাচন কমিশন নির্বাচন ও গণভোট বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবে
আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করবে ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে এই সাক্ষাৎ করবেন।
একইদিন, সিইসির জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে। এই ভাষণের মাধ্যমেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তার ভাষায়, ‘তফসিল ঘোষণার প্রস্তুতি আমরা সম্পূর্ণ করেছি। এখন কেবল সময়ের অপেক্ষা।’
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যা অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।
এবারের নির্বাচনে বড় একটি পরিবর্তন হচ্ছে—ব্যালট পেপারে থাকছে না ‘নৌকা’ প্রতীক। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটির নিবন্ধনও নির্বাচন কমিশন স্থগিত রেখেছে। ফলে ব্যালটে তাদের প্রতীক দেখা যাবে না।
এ বিষয়ে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেসব দলের নিবন্ধন স্থগিত কিংবা বাতিল রয়েছে, তাদের প্রতীক ব্যালট পেপারে থাকবে না।’
নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। একইসঙ্গে সরকারি দায়িত্বে নিয়োজিত কর্মচারী ও কারাবন্দিরাও এই সুবিধার আওতায় থাকবেন।
তাছাড়া, এবার থেকে কোনো রাজনৈতিক জোটের সদস্য দল নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোটে অংশ নিতে পারবে না।
সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

