Logo
Logo
×

সংবাদ

টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

Icon

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’। আজ ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সর্বসম্মতভাবে টাঙ্গাইল শাড়িকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন।

বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা এবং ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এ স্বীকৃতিকে বাংলাদেশের জন্য “অসামান্য গৌরব” বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই শতাব্দীরও বেশি সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের শিল্পকর্ম যে বৈশ্বিক স্বীকৃতি পেল, তা দেশের সকল তাঁতি ও নারীর সম্মানের প্রতিফলন। রাষ্ট্রদূত তালহা এই অর্জন বাংলাদেশের তাঁতি সমাজ ও দেশের সকল নারীর প্রতি উৎসর্গ করেন।

চলতি বছরের এপ্রিলে প্যারিসে বাংলাদেশ দূতাবাস ইউনেস্কো সদরদপ্তরে কনভেনশনের নির্ধারিত কাঠামো অনুযায়ী টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্পকে নিবন্ধনের জন্য আবেদন করে। প্রতিটি আবেদন প্রথমে একটি মূল্যায়ন কমিটির প্রাথমিক পর্যালোচনার মধ্য দিয়ে যায়। সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর আবেদনটি আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। কারিগরি দিক থেকে জটিল হলেও বাংলাদেশ দূতাবাস সম্পূর্ণ নিজস্ব দক্ষতায় নথিটি প্রস্তুত করে এবং তা গৃহীত হয়।

টাঙ্গাইল শাড়ি নিয়ে সাম্প্রতিক সময়ে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গও নতুন স্বীকৃতির আলোচনায় উঠে আসে। ২০২৩ সালে ভারত টাঙ্গাইল শাড়িকে তাদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণা করলে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে রাজনৈতিক জটিলতার সম্ভাবনা থাকলেও ইউনেস্কোর আন্তঃরাষ্ট্রীয় পর্ষদ বাংলাদেশের জমা দেওয়া নথিকে উচ্চমানসম্পন্ন হিসেবে মূল্যায়ন করে। গবেষক ও পেশাজীবীদের মতে, এই স্বীকৃতির ফলে টাঙ্গাইল শাড়িকে ঘিরে আগের জটিলতার অনেকটাই নিরসন হয়েছে।

২০২২ সালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশ চার বছরের জন্য ইউনেস্কো কনভেনশনের আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সদস্য হয়। এর ফলে বাংলাদেশের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন গতি যুক্ত হয়। এই পর্ষদের ১৮তম সভায় ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ স্বীকৃতি পায়।

এর আগে বাংলাদেশের বাউল গান (২০০৮), জামদানি বুনন শিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬), শীতলপাটি বুনন শিল্প (২০১৭) এবং ২০২৩ সালে ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন