Logo
Logo
×

সংবাদ

লুকিয়ে রাখা টাকা ব্যাংকে ফেরায় কোটিপতি হিসাবধারীর সংখ্যা বাড়ছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

লুকিয়ে রাখা টাকা ব্যাংকে ফেরায় কোটিপতি হিসাবধারীর সংখ্যা বাড়ছে: অর্থ উপদেষ্টা

অনেকদিন ধরে বাড়িতে লুকিয়ে রাখা অর্থ এখন ব্যাংকে জমা দেওয়ার কারণে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছরের মার্চ প্রান্তিকের তুলনায় জুন প্রান্তিকে এ হিসাব সংখ্যা বেড়েছিল ৫ হাজার ৯৭৪টি। জুন থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে আরও ৭৩৪টি কোটিপতি অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে।

এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয়—বর্তমান পরিস্থিতিতে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট সংখ্যা বাড়ার কারণ কী? উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এটি হতে পারে অনেকে অনেকদিন ধরে বাড়িতে টাকা-পয়সা লুকিয়ে-টুকিয়ে রাখছিলেন। তারা এখন সেসব অর্থ ব্যাংকে জমা দিচ্ছেন। লোকজনের কাছে টাকা-পয়সা যে নেই, এটা অনেক ক্ষেত্রে সত্য।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদন থেকে জানা যায়, জুন শেষে ব্যাংক খাতে মোট হিসাব (অ্যাকাউন্ট) ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। অর্থাৎ, তিন মাসে নতুন হিসাব খোলা হয়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন