Logo
Logo
×

সংবাদ

আবদুস সালাম মুর্শেদীর গুলশান-২-এর বাড়ি ‘পরিত্যক্ত সম্পত্তি’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

আবদুস সালাম মুর্শেদীর গুলশান-২-এর বাড়ি ‘পরিত্যক্ত সম্পত্তি’ ঘোষণা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর গুলশান-২-এর বাড়িটিকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। 

আদালতের নির্দেশ অনুযায়ী, এখন এই বাড়ি সরকারকে হস্তান্তর করতে হবে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়। রায়ের মোট পৃষ্ঠা সংখ্যা ৫২।

বাড়িটি দীর্ঘদিন ধরে আবদুস সালাম মুর্শেদীর দখলে থাকলেও হাইকোর্ট এটিকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ বলে অভিহিত করেছে। প্রায় এক বছরের বেশি সময় পর এই রায় প্রকাশিত হলো।

এর আগে আদালত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে তিন মাসের মধ্যে এই বাড়ি সরকারের হাতে হস্তান্তরের নির্দেশ দেন। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছর এই আদেশ দেওয়া হয়েছিল।

রায়ে আরও বলা হয়েছে, বাড়ির হস্তান্তর প্রক্রিয়া শেষে অবস্থান বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের মাধ্যমে হলফনামা আকারে প্রতিবেদন জমা দিতে হবে।

সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, ৯০ দিনের মধ্যে বাড়ির দখল নিতে হবে। সেই সঙ্গে ভবিষ্যতে এই সম্পত্তি কোনো বেসরকারি ব্যক্তির কাছে ইজারা না দিয়ে, জনস্বার্থে সংরক্ষণ করতে হবে।

এই বাড়িটি ‘পরিত্যক্ত সম্পত্তির খ তালিকাভুক্ত’ বলে উল্লেখ করা হয় রায়ে।

২০২২ সালের ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একটি রিট আবেদন করেন। সেই রিটে তিনি বাড়িটি দখলে রাখার অভিযোগ তুলে এর সুষ্ঠু তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আবদুস সালাম মুর্শেদী বর্তমানে একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন