বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত থমকে গেছে। তার বর্তমান শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের জন্য উপযুক্ত নয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশেষ করে খালেদা জিয়ার হৃদ্যন্ত্রের জটিলতা গুরুতর আকার ধারণ করেছে। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ অন্যান্য জটিলতাগুলোও আগের মতোই রয়ে গেছে।
এসব কারণে তাকে ঢাকাতেই চিকিৎসাধীন রাখতে হচ্ছে। নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যেতে হচ্ছে।
গতকাল সোমবার পর্যন্ত বিএনপি বা খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে লন্ডনে নেওয়ার বিষয়ে কোনো নতুন উদ্যোগের তথ্য জানা যায়নি।
কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স আনার উদ্যোগও স্থগিত রয়েছে।
এই পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিদিন হাসপাতালে গিয়ে চিকিৎসা কার্যক্রম তদারক করছেন। গতকালও তিনি বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালে উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান সরাসরি যুক্ত রয়েছেন এবং চিকিৎসা সংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন।’

