খালেদা জিয়ার লন্ডন যাত্রা
এয়ার অ্যাম্বুলেন্স আসবে মঙ্গলবার সকালে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণের অনুমতি পেয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের বরাতে আজ সোমবার সকালে প্রথম আলো এই খবর দিয়েছে।
তবে খালেদা জিয়া আদৌ লন্ডনে যেতে পারবেন কি না তা নির্ভর করছে তার শরীরের বর্তমান অবস্থার ওপর।
তার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন শনিবার জানান, খালেদা জিয়ার বিদেশযাত্রা পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক পরিস্থিতির ওপর।
রাগীব সামাদ বলেন, এই এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপের। মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। চাইলে সেদিন রাত ৯টায় ঢাকা ছাড়তে পারবে।
গত দুই সপ্তাহের বেশি সময় ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসা ও বিদেশযাত্রা-সম্পর্কিত একটি সূত্র রোববার রাতে জানিয়েছে, চিকিৎসকেরা তার সাম্প্রতিক শারীরিক অবস্থা দেখে বিদেশ পাঠানোর সময়সূচি আরও দুই দিন পিছিয়েছেন।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘ ভ্রমণের ঝুঁকি। এখন তার অবস্থা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কেমন হয়, তার ওপরই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।

