ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবি তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন শপিংমলের মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। এ সময় তারা বিটিআরসির সামনে সড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে ব্যবসায়ীরা ‘সিন্ডিকেটের কালো হাতা ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাঁই নাই’ স্লোগান দেন। স্লোগানে মোবাইল ফোন আমদানিতে ৫৭ শতাংশ ট্যাক্স কমিয়ে ১০-১২ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়। দাবি মানা না হলে রাস্তা ছাড়া হবে না।
অবরোধ চলাকালে ব্যবসায়ীরা তাদের দাবি-দাওয়া সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে বিটিআরসির প্রতি আহ্বান জানান। অবরোধের ফলে ওই এলাকায় যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে মোবাইল ফোন ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে থাকলেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে নামতে হয়েছেন।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সাড়ে দশটার পর রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবন সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। এতে বিটিআরসি ভবনের সামনে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তাদের সাথে কথা বলা হচ্ছে।

