সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রবিবার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দিচ্ছে সরকার। আজ শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ আগস্ট থেকে অদ্যাবধি যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।
দেশে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

