উড়োজাহাজ থেকে নেমেই হাসপাতালে জুবাইদা রহমান
খালেদা জিয়ার লন্ডন যাত্রায় তার সঙ্গে থাকার জন্য ঢাকায় পৌঁছেই হাসপাতালে গিয়েছেন জুবাইদা রহমান।
শুক্রবার সকাল ১১টা ৫৩ মিনিটে তার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
এর আগে সকাল পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট।
বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন জুবাইদা রহমান।
বিমানবন্দরে জুবাইদাকে স্বাগত জানান তার বড় বোন শাহিনা খান জামান ও ভগ্নিপতি অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান। সঙ্গে ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
অন্যদিকে, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি। তিনি বলেন, ‘সব ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছাবে। মেডিকেল বোর্ড অনুমতি দিলে ও শরীরিকভাবে উপযুক্ত থাকলে ম্যাডাম রোববার রওনা হবেন।’
চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

