দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবারই তাকে লন্ডনে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় যাত্রা কিছুটা পিছিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। কাতার থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে, বিকল্প ব্যবস্থা নিয়ে তারা ভাবছে।
ফলে যাত্রা কখন হতে পারে তা নিশ্চিত না।
এদিকে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওনা হয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইটে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা।
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দেয়।
বিএনপির নেতা ও চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

