Logo
Logo
×

সংবাদ

আমজনতার দলকে নিবন্ধন দিতে নীতিগত সম্মতি ইসির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

আমজনতার দলকে নিবন্ধন দিতে নীতিগত সম্মতি ইসির

তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দলকে নিবন্ধন দিতে নীতিগত সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নিবন্ধন পেতে যাচ্ছে ‘জনতার দল’ নামের আরও একটি দল। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় আজ বৃহস্পতিবার এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, দল দুটির বিষয়ে কারো আপত্তি রয়েছে কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় যে আমরণ অনশন শুরু করেছিলেন- তা শেষ পর্যন্ত ইসির ইতিবাচক সিদ্ধান্তে আলোর মুখ দেখছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন