২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ
বিডিআর হত্যাকাণ্ডে ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এ নোটিশ পাঠিয়েছেন।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জন প্রশাসন সচিব ও আইন সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে আইনের দ্বরস্থ হব বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পরই প্রশাসনের ভেতরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সীমান্তরক্ষী এই বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরণ আইনের মামলায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

