মধ্যরাত থেকে সকালের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
আজ বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লণ্ডনে যাবেন তিনি। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করেছে।
জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা আশাবাদী। তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন এটাই আমাদের প্রত্যাশা। যাত্রাপথে তাঁর সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সঙ্গে থাকবেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময় তাঁর সঙ্গে একই বিমানে থাকবেন দেশি-বিদেশি চিকিৎসকদের একটি দল। সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে কিংবা আগামীকাল শুক্রবার তাঁকে নিয়ে রওনা হতে পারে এয়ার অ্যাম্বুলেন্সটি।

