Logo
Logo
×

সংবাদ

পুরনো বাড়ি ভাঙতে গিয়ে মিলল সুড়ঙ্গ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ এএম

পুরনো বাড়ি ভাঙতে গিয়ে মিলল সুড়ঙ্গ

দিঘাপতিয়ার জমিদার পরিবারের একটি পুরনো বাড়ি ভাঙার সময় মাটির নিচে সুড়ঙ্গ পাওয়া গেছে।

রাজশাহী নগরীর দরগাপাড়ায় জেলা প্রশাসনের নিলামে বিক্রি হওয়া এই ঐতিহাসিক স্থাপনাটি ভাঙার সময় সুড়ঙ্গটি আবিষ্কৃত হয়, যা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

‘হেরিটেজ রাজশাহী’ নামের পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব সিদ্দিকী জানান, গত এক সপ্তাহ ধরে বাড়িটি ভাঙার কাজ চলছিল। মঙ্গলবার হঠাৎ করে মাটির নিচে একটি সুড়ঙ্গের সন্ধান মেলে।

বাড়িটি নির্মাণ করেছিলেন দিঘাপতিয়ার জমিদার হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায়। স্থাপনাটির দুই পাশে দুটি একতলা ভবন, পেছনে একটি দোতলা ভবন এবং সামনের অংশে একটি ফুলগাছ রয়েছে।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল ইসলাম জানিয়েছেন, সরকারি নথিতে এটি ‘অর্পিত সম্পত্তি’ হিসেবে অন্তর্ভুক্ত। ভবনটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ হওয়ায় জেলা প্রশাসন এটি ১ লাখ ৫২ হাজার টাকায় নিলামে তোলে। নিলামে ক্রয় করার পর ভবন ভাঙার কাজ শুরু করলে নিচের সুড়ঙ্গটি দৃশ্যমান হয়।

সুড়ঙ্গের ভেতরে জমে থাকা পানি বেরিয়ে আসতে থাকায় সেখানে সেচযন্ত্র বসিয়ে দ্রুত পানি নিষ্কাশনের কাজ চলছে। দেখা যাচ্ছে, একটি সুড়ঙ্গের সঙ্গে আরও একটি সুড়ঙ্গ সংযুক্ত রয়েছে।

বোয়ালিয়া ভূমি অফিসের তথ্য অনুযায়ী, দরগাপাড়া মৌজার ৫২৪ নম্বর খতিয়ানের জমির দাগ নম্বর ৪৭। ১৯৮১ সালে এটি সরকার ‘অর্পিত সম্পত্তি’ ঘোষণা করে।

জেলা প্রশাসনের আহ্বানে গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রাথমিকভাবে সুড়ঙ্গটি পরিদর্শন করেছে। 

বরেন্দ্র জাদুঘরের ডেপুটি রেজিস্ট্রার খন্দকার শামসুল আরিফিন জানান, “আমরা কিছু আলোকচিত্র সংগ্রহ করেছি। এখন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হবে। তারা নির্ধারণ করবেন এটি সংরক্ষণযোগ্য কি না।”

তিনি আরও বলেন, “আমার ধারণা এটি ব্রিটিশ আমলে নির্মিত। ঐতিহ্যবাহী বাড়িগুলোর শীতলতা বজায় রাখতে এমন সুড়ঙ্গ তৈরি করা হতো।”


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন