Logo
Logo
×

সংবাদ

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এএম

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

ভোরবেলা আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে রাজধানীসহ আশপাশের অঞ্চলে কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়য়্যাৎ কবীর জানান, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকার উত্তর-পূর্বে ৩৮ কিলোমিটার দূরে, নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

ভূমিকম্পটি হালকা হলেও এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানীর অনেক বাসিন্দা ঘুম থেকে উঠে রাস্তায় নেমে আসেন।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী শহর থেকে তিন কিলোমিটার উত্তরে এবং গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। 

ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এই মাসেই দেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সর্বশেষ ১ ডিসেম্বর মধ্যরাতে মিয়ানমারের মিনজিনে উৎপত্তি হওয়া ভূমিকম্প চট্টগ্রামসহ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অনুভূত হয়। 

ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯।

এর আগে ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল। 

রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬।

সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয় ২১ নভেম্বর, শুক্রবার সকালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং কেন্দ্র ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। 

ওই ঘটনায় অন্তত ১০ জন নিহত হন এবং আহত হন ছয় শতাধিক মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভূগাঠামো অনুযায়ী এসব ভূমিকম্প বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত হতে পারে। বিশেষ করে, বারবার একই অঞ্চলে ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় সতর্কতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদরা দীর্ঘদিন ধরেই রাজধানীর অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ভবনকাঠামো ও নাগরিক অসচেতনতার কারণে বড় ধরনের বিপদের আশঙ্কা করে আসছেন।

সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন গবেষক ও প্রকৌশল বিশেষজ্ঞরা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন