Logo
Logo
×

সংবাদ

এভারকেয়ারের কাছে বিমানবাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

এভারকেয়ারের কাছে বিমানবাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হাওয়ার আহ্বান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করানো হবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ বুধবার বেলা ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখানে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা চলছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন।

বর্তমানে এই মেডিকেল বোর্ডের সঙ্গে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক দলও কাজ করছে। এছাড়া আজ যুক্তরাজ্য থেকে ডা. রিচার্ড বেল ঢাকায় পৌঁছেছেন। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি। গত জানুয়ারিতে এই ক্লিনিকেই চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন