Logo
Logo
×

সংবাদ

খালেদা জিয়ার চিকিৎসা

যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রিচার্ড বিয়েল নামে এই চিকিৎসক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের আসার কথা। রিচার্ড বিয়েল সেই দলের প্রধান। অন্য সদস্যরা এখনও ঢাকায় পৌঁছাননি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন হলেও, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। তার স্বাস্থ্য-পরিমাপের বিভিন্ন মান আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। তবে এখনও তাকে বিদেশে নেওয়ার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি।

চিকিৎসক দলের সিদ্ধান্ত ও তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরবর্তীতে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। চার মাস লন্ডনে অবস্থানের পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তার চিকিৎসা চলছে।

মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, তার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি বিএনপির রয়েছে। তবে সিদ্ধান্ত আসবে মেডিকেল বোর্ডের মূল্যায়নের ওপর।

যুক্তরাজ্য ছাড়াও এর আগে চীনের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে খালেদা জিয়ার চিকি’সার জন্য।

মঙ্গলবার রাতে তিন বাহিনীর প্রধান—সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।

তারা খালেদা জিয়ার পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

একই রাতে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা হয়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন