ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে ।
বুধবার মিরপুর সেনানিবাসে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে।’
অনুষ্ঠানে দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।
কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে।’
এ সময় ড. ইউনূস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চান।
এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ অংশ নিয়েছেন মোট ৯৬ জন।
এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য ছিলেন।
এছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেন।

