Logo
Logo
×

সংবাদ

কমলাপুরে ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীরা চরম ভোগান্তিতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

কমলাপুরে ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীরা চরম ভোগান্তিতে

কমলাপুর রেলস্টেশনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বুধবার সকালে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া অনেক যাত্রীই ট্রেন ছাড়তে দুই ঘণ্টা পর্যন্ত দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

কমলাপুর রেলস্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, তেজগাঁওয়ে একটি কালভার্ট সংস্কারের কাজের কারণে রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৮টা পর্যন্ত এক লাইনে ট্রেন চলেছে। এতে সকাল থেকে সব ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

তিনি বলেন, কয়েকটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বিবেচনায় নিয়ে সংস্কার কাজের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে কিছুটা বিলম্ব হওয়ায় এক লাইনে ট্রেন প্রবেশ ও প্রস্থান করানো হয়েছে, ফলে শিডিউলে প্রভাব পড়েছে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন দুই ঘণ্টা দশ মিনিট দেরিতে ছেড়েছে। সিলেটগামী পারাবাত এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনও বিলম্বে চলেছে।

স্টেশন মাস্টার জানান, সকাল সাড়ে ৮টার পর থেকে ডাবল লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে ট্রেনের সূচি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন