পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের মামলায় আজ সোমবার রায় ঘোষণা করবে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত। মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। মোট আসামির সংখ্যা ১৭ জন।
অভিযোগ অনুযায়ী, টিউলিপ সিদ্দিক তার খালা শে হাসিনার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তার মা, ভাই ও বোনের জন্য পূর্বাচলে প্লট বরাদ্দে সাহায্য করেন। যদিও টিউলিপ সবসময় অভিযোগ অস্বীকার করে এসেছেন।
দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
এ মামলায় আরও অভিযোগ রয়েছে, শেখ রেহানা নিজের অন্য জায়গায় জমি থাকা সত্ত্বেও তা গোপন করে পূর্বাচলে নতুন করে প্লট দাবি করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি বোনকে প্লট পাইয়ে দিতে সরকারি ক্ষমতা ব্যবহার করেছেন।
মামলায় সরকারের সাবেক একাধিক কর্মকর্তা ও রাজউকের কর্মচারীরাও আসামি। তাদের কেউ কেউ নথিপত্র লোপাট, আবার কেউ বিধি উপেক্ষা করে বরাদ্দ অনুমোদনে ভূমিকা রাখেন।
দুদক জানিয়েছে, মামলার সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি চেয়েছে তারা।
একমাত্র কারাগারে থাকা আসামি রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যেও বিতর্ক চলছে। দুর্নীতির অভিযোগে আগেই সিটি মিনিস্টার পদ ছাড়তে হয়েছে তাকে। এখন আবার এই মামলার রায় তাকে আরও সংকটে ফেলতে পারে। সবার দৃষ্টি আজ আদালতের দিকে।

