তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারব: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাশ ইস্যু করবে।
আজ রবিবার বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম ট্রাভেল পাস দেই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে। কাজেই তিনি (তারেক রহমান) যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে আগামীকাল এটা দিতে পারব। পরশু চলে সতে পারবেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ দেশে আসতে চাইলে আমরা এটা দেই। আমি বলতে পারি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। তিনি আসতে পারেন।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ বলেন, 'আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না—এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে?'
‘জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, প্রতিবেশী দেশ ভারতের তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে’ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আশা করছি, দুদেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে।
তৌহিদ হোসেন বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন— সেটা জানলেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।
শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ।

