সচিবালয়ের নতুন ভবনের (১ নং ভবনে) ১০ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রবিবার বেলা ২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, বেলা ২টা ২ মিনিটে আগুন লাগে। নিয়ন্ত্রণে আসে সোয়া ২টার দিকে।
এর আগে আগুন লাগার পরপরই ভবনজুড়ে বারবার বাজতে থাকে ফায়ার হুইসেল। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার হুইসেলের শব্দে আতঙ্ক বিরাজ করছিল।
রাফিউল ইসলাম নামের এক কর্মকর্তা বলেন, হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে আমরা ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি।
আরেক কর্মচারী জানান, আমরা প্রথমে মনে করেছিলাম এটা সিগারেট এর ধোঁয়া হতে পারে। পরে দেখি বড় আকারে ধোঁয়া উড়ছে। সবাই দ্রুত ভবন ত্যাগ করেছে। এখনও ঠিক কী হয়েছে তা কেউ বলতে পারছে না।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ওই আগুনে ৬, ৭, ৮ ও ৯ তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সচিবালয়ের প্রায় ২০০ কক্ষ পুড়ে গেছে বলে জানান গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া।
ভবনটির চারটি তলা বেশি ক্ষতিগ্রস্ত জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, প্রতিটি তলায় গড়ে ছোটবড় মিলিয়ে মোটামুটি ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। চারটি তলাতেই কোথাও সম্পূর্ণ, কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত বছর আগুন লাগার ১১ দিন পর ওই ভবন সংস্কার শেষে কাজ শুরু হয়।

