পর্যটকবাহী জাহাজ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে যাওয়া শুরু করবে পর্যটকবাহী জাহাজ। পর্যটকেরা সরকারি নির্দেশনা অনুসরণ করে পরবর্তী দুই মাস (৩১ জানুয়ারি পর্যন্ত) দ্বীপটিতে রাত্রিযাপনের সুযোগ পাবেন।
এর আগে গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত করা হয়। তবে নভেম্বর মাস সেখানে রাত্রিযাপনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। রাতে থাকার সুযোগ না থাকায় সেন্টমার্টিনগামী আগ্রহী পর্যটক কম ছিল এবং এ কারণে কক্সবাজার থেকে নভেম্বর মাসে কোনো জাহাজ সেন্টমার্টিন যায়নি।
ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা সেখানে রাতে থাকতে পারবেন। ফলে এখন সেন্টমার্টিনে যেতে আগ্রহী পর্যটকের সংখ্যা অনেক বেশি। এখন প্রতিদিন দ্বীপটিতে যাবে পর্যটকবাহী জাহাজ।
কক্সবাজার জেলা প্রশাসন চারটি জাহাজকে এজন্য অনুমতি দিয়েছে। প্রতিদিন দুই হাজার পর্যটক এসব জাহাজে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্টমার্টিনে যাবেন।
পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে, যেখানে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ গণ্য হবে। প্রথম দিনের যাত্রায় তিনটি জাহাজের অগ্রিম প্রায় ১২শ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জাহাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সেন্টমার্টিন আমাদের সম্পদ, সরকারের আরোপিত নির্দেশনাগুলো মেনে চলা উচিত। আশা করছি দ্বীপের জীব বৈচিত্র্য রক্ষায় পর্যটকসহ সংশ্লিষ্টরা প্রশাসনকে সহযোগিতা করবেন।

