সাহিত্যিক, শিক্ষাবিদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে হাল ছাড়া যাবে না। যার যা অন্তরে চায়, যে জিনিস রক্তের মধ্যে নিয়ে জন্মেছেন- তা করতে হবে। সেটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে সেখানে শ্রেষ্ঠ হবেন। পাগল না হলে পৃথিবীতে কিছু করা যায় না।’
আজ শনিবার সাভারে ব্র্যাক সিডিএমে ‘কার্নিভাল অব চেজ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ আরও বলেন, মানুষের আনন্দকে কখনো বাধা দিতে হয় না। কিন্তু আমাদের অভিভাবকরা বাধা দেন। আমার ইচ্ছে সাহিত্য পড়তে, অভিভাবকরা পড়তে বলেন অ্যাকাউন্টিং।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পুরস্কারের আশায় কিছু করলে জীবনে জয়ী হওয়া যাবে না। নেশার জন্য করতে হবে। আত্মা কী চায়- তা জিজ্ঞেস করতে হবে। মানুষের মধ্যে ভয়ংকর বৈচিত্র আছে। একজন মানুষের মধ্যে অনেক মানুষ থাকে। সেই মানুষের মধ্যে যে মানুষটা বেশি শক্তি রাখে তাকে অনুসরণ করতে হবে। মানুষ যা মন দিয়ে করবে সেখানে বিজয়ী হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসান।

