খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে: মান্না
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে, এখন তিনি ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই বলেও উল্লেখ করেন তিনি।
আজ শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, চিকিৎসকরা তেমন আশাবাদের কথা বলেননি, দেশবাসীকে দোয়া করতে বলেছেন। গতকালের মতোই সংকটাপন্ন পরিস্থিতি, সেটার কোন উন্নতি বা অবনতি হয়নি।
নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা।

