Logo
Logo
×

সংবাদ

পূর্বাচলের প্লট দুর্নীতির তিন মামলায় দণ্ডিত শেখ হাসিনা, জয় ও পুতুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

পূর্বাচলের প্লট দুর্নীতির তিন মামলায় দণ্ডিত শেখ হাসিনা, জয় ও পুতুল

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির তিনটি পৃথক মামলায় দণ্ডিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

এই মামলাগুলোর রায়ে শেখ হাসিনার প্রতি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একটি মামলায় সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্য এক মামলায় সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

এই মামলাগুলোর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় ২৩ নভেম্বর। এরপর আদালত ২৭ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন।

তিন মামলায় মোট ৪৭ জন আসামি থাকলেও ব্যক্তি হিসেবে সংখ্যা ২৩। শেখ হাসিনা, জয় ও পুতুল ছাড়া বাকি ২০ জনের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মন্ত্রণালয় ও রাজউকের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা ও প্রকৌশলী।

আসামিদের মধ্যে কেবল একজন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, তিন মামলায়ই খালাস পেয়েছেন।

তিনটি মামলার একমাত্র গ্রেপ্তার আসামি মোহাম্মদ খুরশীদ আলমকে প্রতিটি মামলায় ১ বছর করে মোট ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই মামলাগুলোর বিচারিক কার্যক্রম শুরু হয় ৩১ জুলাই, অভিযোগ গঠনের মধ্য দিয়ে। সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১৭ নভেম্বর।

প্রথম মামলায় শেখ হাসিনাসহ আসামি ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জন আসামি ছিলেন।

২০২৫ সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে মোট ৬টি মামলা করে। এর মধ্যে আজ ঘোষিত রায় ছিল তিনটি মামলার।

একই সঙ্গে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। ওই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন